হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা, কড়া নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১০:০৮ পিএম
চলতি বছরের হজ কার্যক্রমে প্রি-হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। এ উপলক্ষে হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
রোববার (১১ জানুয়ারি) এ বিষয়ে হজ এজেন্সির মালিকদের পাশাপাশি হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইন্সের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
চিঠিতে উল্লেখ করা হয়, হিজরি ১৪৪৭/২০২৬ সালের হজযাত্রীদের প্রি-হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, একই সার্ভিস কোম্পানির আওতাভুক্ত হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে।
এছাড়া ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুসারে প্রত্যেক হজ এজেন্সিকে তাদের মোট হজযাত্রীর অন্তত ২০ শতাংশকে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে পাঠাতে হবে। পাশাপাশি প্রথম ও শেষ পর্যায়ে অবশিষ্ট হজযাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশকে সৌদি আরবে পাঠানোর বাধ্যবাধকতা থাকবে।
তবে কোনো এজেন্সির ক্ষেত্রে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম কিংবা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
এ অবস্থায় নির্ধারিত নির্দেশনা অনুযায়ী ফ্লাইট ব্যবস্থাপনা ও টিকিট ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।