টঙ্গীতে শুরু হলো ৫ দিনব্যাপী জোড় ইজতেমা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১০:৪১ এএম
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের ব্যবস্থাপনায় পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ইজতেমার মূল কার্যক্রম শুরু হয়। আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) আখেরি মোনাজাতের মাধ্যমে এই জোড় ইজতেমা শেষ হবে।
তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিবছর মূল বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে এই জোড় আয়োজন করা হয়। এখানে দেশের বিভিন্ন স্থানের সাথীরা তাদের দাওয়াতি কাজের হিসাব তুলে ধরেন এবং প্রবীণ মুরুব্বিদের কাছ থেকে পরামর্শ ও দিকনির্দেশনা গ্রহণ করেন। ইতোমধ্যে দেশ-বিদেশের শুরার প্রবীণ আলেম-মুরুব্বিরা টঙ্গীতে উপস্থিত হয়েছেন।
আয়োজকরা জানান, পাঁচ দিনের এই জোড় থেকে সারা বছরের দাওয়াতি কার্যক্রমের পরিকল্পনা, দিকনির্দেশনা এবং করণীয় নির্ধারণ করা হবে। হাবিবুল্লাহ রায়হান বলেন, জোড় ইজতেমা তাবলীগ জামাতের সোনালি ঐতিহ্যের অংশ। এখান থেকেই দাওয়াতের কাজের রূপরেখা, আমলের উন্নয়ন, দেশের পরিস্থিতি অনুযায়ী করণীয়সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করা হয়।
তিনি আরও জানান, এই জোড় ইজতেমায় অংশ নিতে পারেন শুধুমাত্র তিন চিল্লার সাথীরা এবং কমপক্ষে এক চিল্লা সময় লাগানো আলেমরা। এর মাধ্যমেই জোড়ের স্বতন্ত্র মর্যাদা ও শৃঙ্খলা বজায় থাকে।
ইজতেমা ময়দানের উত্তর পাশে নির্মিত বিশাল ছাউনিতে ইতোমধ্যে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি অবস্থান নিয়েছেন। তারা পাঁচ দিনব্যাপী ইজতেমার কার্যক্রমে অংশ নেবেন।