বিনা পয়সায় ভোট দেবেন, বিনা পয়সায় সার্ভিস দেব: হাসনাত আব্দুল্লাহ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০১:০৭ এএম

ছবি: সংগৃহীত

সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী এবং দলের দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজনীতিকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করতে না পারলে তা লুটেরা, ব্যাংক ডাকাত ও দুর্নীতিবাজদের দখলে চলে যাবে।

শুক্রবার সকালে দেবিদ্বার নিউমার্কেট মসজিদে ফজরের নামাজ আদায় শেষে দ্বিতীয় দিনের নির্বাচনি পথসভা ও গণসংযোগে তিনি এসব কথা বলেন।

পথসভায় রাজনীতিতে বিদ্যমান ‘ভিআইপি কালচার’-এর কড়া সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, বড় চেয়ার-ছোট চেয়ারের বৈষম্য ও অতিরিক্ত প্রটোকল রাজনীতিকে জনবিচ্ছিন্ন করে তোলে। আয়োজকদের উদ্দেশে তিনি বলেন, নেতাদের ঘিরে কৃত্রিম বলয় তৈরি করবেন না। নেতাকে সাধারণ মানুষের কাছ থেকে আলাদা করে ফেললে রাজনীতি একটি নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ হয়ে পড়ে।

তিনি আরও বলেন, সম্মান ও মানুষের সেবা করার আগ্রহ থেকেই তিনি রাজনীতিতে এসেছেন। রাজনীতিতে শিক্ষিত ও সজ্জন মানুষের অংশগ্রহণ জরুরি। ব্যাংক ডাকাত ও দুর্নীতিবাজরা রাজনীতিকে ব্যবহার করে নিজেদের অবৈধ সম্পদ রক্ষা এবং বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করে। রাজনীতি যেন কোনোভাবেই বিনিয়োগ ও সেই বিনিয়োগের মুনাফা আদায়ের মাধ্যম না হয়—তা নিশ্চিত করার দায়িত্ব ভোটারদেরই।

ভোটারদের উদ্দেশে এনসিপি প্রার্থী বলেন, ‘আপনারা বিনা পয়সায় ভোট দেবেন, আর আমরা পাঁচ বছর বিনা পয়সায় আপনাদের সেবা দেব। আমাদের লক্ষ্য ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়া। যারা ইনসাফের কথা বলে মানুষের টাকা আত্মসাৎ করে, এমন কাউকে আমরা পাশে রাখব না।’

কেন্দ্র দখল ও হুমকির রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, ভোট দেওয়া ভালোবাসা ও বিশ্বাসের বিষয়; এখানে জোরজবরদস্তির কোনো স্থান নেই।

শুক্রবার দেবিদ্বারের বিভিন্ন এলাকায় হাসনাত আবদুল্লাহর নির্বাচনি প্রচার ছিল প্রাণবন্ত। তিনি ভিংলাবাড়ি, বিহারমন্ডল, ছোটনা উচ্চ বিদ্যালয় মাঠ ও শান্তির রোডে পৃথক উঠান বৈঠকে বক্তব্য দেন। এদিন বরকামতা ইউনিয়নের বাগমারা বাজারে তার নির্বাচনি কার্যালয়ও উদ্বোধন করা হয়।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদসহ ১০ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970