নওগাঁয় স্বতন্ত্র প্রার্থীর প্রচারে প্রতিবন্ধী যুবককে বিএনপির প্রার্থীর সমর্থকদের মারধর
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৩০ এএম
নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করায় এক প্রতিবন্ধী যুবককে মারধর করার অভিযোগ উঠেছে বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজুর কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে। সোমবার বিকেলে রানীনগর উপজেলার পাকুরিয়া খেলার মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ওই প্রতিবন্ধী যুবকের নাম তানসেন। তিনি পাকুরিয়া একডালা গ্রামের বাসিন্দা। ঘটনার পর আহত অবস্থায় তাকে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তানসেন অভিযোগ করে বলেন, তিনি সাবেক মন্ত্রী আলমগীর কবিরের মোটরসাইকেল প্রতীকের লিফলেট বিতরণ করছিলেন। এ সময় পাকুরিয়া খেলার মাঠে তাকে লিফলেট হাতে দেখে রানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেনের ভাগ্নে লিটন তাকে ‘আলমগীর কবিরের দালাল’ আখ্যা দিয়ে মারধর শুরু করেন। লিটনের সঙ্গে থাকা আরও পাঁচ-সাতজন অজ্ঞাত যুবকও তাকে মারধরে অংশ নেয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, নিজেকে প্রতিবন্ধী ও অসহায় মানুষ পরিচয় দেওয়ার পরও হামলাকারীরা মারধর চালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত লিটন অভিযোগ অস্বীকার করে বলেন, একটি খেলার অনুষ্ঠানে অংশ নিতে তারা সেখানে গিয়েছিলেন এবং মাইকে কথা বলছিলেন। ওই সময় প্রতিবন্ধী যুবক মাইকের তার খুলে দিলে উত্তেজনা সৃষ্টি হয়। তিনি দাবি করেন, কয়েকজন উত্তেজিত বিএনপি কর্মী-সমর্থক তাকে চড়-থাপ্পড় দিলেও তিনি নিজে মারধর করেননি।