আবারও সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সীমান্ত আইন উপেক্ষা করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকায় আবারও কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) তাৎক্ষণিক বাধার মুখে ওই কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সকাল ১০টার পর থেকে সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিজিবি সূত্র জানায়, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, ২৮১ নম্বর মেইন পিলারের নিকটবর্তী সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা বিজিবিকে অবহিত করেন।

খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফকে কাজ বন্ধ করার অনুরোধ জানায়। পরে দুই বাহিনীর মধ্যে আলোচনা অনুষ্ঠিত হলে বিএসএফ সদস্যরা বেড়া নির্মাণের কাজ বন্ধ করে পিছু হটে।

ঘটনার পর সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের সেপ্টেম্বর এবং একই বছরের জানুয়ারি ও ডিসেম্বর মাসে একই এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা করেছিল বিএসএফ। প্রতিবারই বিজিবির হস্তক্ষেপে সে উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970