জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দুটি মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে প্রতিটি মামলায় তিন দিন করে মোট ছয় দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন অনুসন্ধান ও তদন্ত কমিটি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলাম এ আদেশ দেন। পরে আদালতের নির্দেশ অনুযায়ী আমির হামজার পক্ষে তার আইনজীবী কাজী তৌফিকুল ইসলাম জরিমানার অর্থ পরিশোধ করেন।
আদালত সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার শান্তিডাঙ্গা গ্রামের রাশেদ আহমেদ গত ৮ ফেব্রুয়ারি আমির হামজার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুটি মামলা করেন। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ দেন।
রায়ে উল্লেখ করা হয়, কুষ্টিয়া মডেল থানার মজমপুর গেট, পাঁচ রাস্তার মোড়, থানা মোড়সহ বিভিন্ন নির্বাচনী এলাকায় সরেজমিন পরিদর্শনের মাধ্যমে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে সংক্ষিপ্ত আদালত পরিচালনা করা হয়।
পরিদর্শনকালে মজমপুর গেটে সাঁটানো আমির হামজার ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখ না থাকায় আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এ সময় অভিযুক্ত প্রার্থীর আইনজীবী তৌহিবুল ইসলাম তুহিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুল স্বীকার করেন এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
রায়ের প্রতিক্রিয়ায় মামলার বাদী রাশেদ আহমেদ বলেন, তিনি রায়ে সন্তুষ্ট হলেও এখনো সব ব্যানার অপসারণ করা হয়নি। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
রায়ে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী সব ধরনের বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বেঞ্চ সহকারী সজীব আহমেদ জানান, আদালতের পক্ষ থেকে প্রার্থীকে আচরণবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা রোকনুজ জামান বলেন, রায়ের কপি হাতে পেলে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে কুষ্টিয়া শহর জামায়াতে ইসলামীর আমির এনামুল হক দাবি করেন, যেসব ব্যানারে মুদ্রণকারীর নাম নেই, সেগুলোতে স্টিকার লাগানো হয়েছে এবং সেগুলো আর অপসারণের প্রয়োজন নেই।