সরকারি বেতন-ভাতা নিয়েই চাকরি করতে হবে, ঘুস-দুর্নীতি চলবে না: হাসনাত আবদুল্লাহ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮ পিএম
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকারি বেতন ভাতার মধ্যেই চাকরি করতে হবে এবং ঘুষ বা অন্য কোনো দুর্নীতি গ্রহণ চলবে না।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলার আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, থানায় কোনো দালাল থাকতে পারবে না। দালালদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এছাড়া উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সেও কেউ নিয়মের বাইরে কাজ করতে পারবে না।
হাসনাত বলেন, “ওসিকে স্পষ্টভাবে জানাচ্ছি, আপনার থানায় আর কোনো দালাল থাকবে না। আমি সাধারণ মানুষদের মাধ্যমে তদন্ত করেছি, সেখানে দালাল ছাড়া কোনো কাজ হয় না। একজন দালালের নাম উল্লেখ করে সরাসরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। পাশাপাশি কিছু পুলিশ কর্মকর্তারও বিষয়ে ব্যবস্থা নিতে হবে।”
এমপি আরও বলেন, তিনি জনগণের কল্যাণে কাজ করবেন এবং নিশ্চিত করবেন যে সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে মানুষ হয়রানির শিকার হবেন না। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, “সরকার আপনাদের যে সুবিধা দিচ্ছে, সেটির মধ্যেই জনগণকে সেবা দিতে হবে। অতিরিক্ত কোনো কিছু নেওয়া যাবে না। ঘুষের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।”
হাসনাত বলেন, সাংবাদিকদের উপস্থিতিতে তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন যে, কেউ যদি তার কথার সাথে মতানৈক্য প্রকাশ করতে চায়, সেটি স্বাভাবিক। তবে বাস্তবে তিনি দেখেছেন, থানায় অভিযোগ বা মামলা করার জন্য মানুষ গেলে দালাল ছাড়া কোনো কাজ হয় না।
তিনি আরও নির্দেশ দেন, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, যানজট নিরসন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং গোমতীর অবৈধ মাটি কাটা বন্ধ করার জন্য ব্যবস্থা নিতে হবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি, দেবিদ্বার থানার ওসি এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।