চেয়ারম্যান প্রার্থীর একই পোস্টারে শেখ মুজিব, জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৮:১৮ পিএম
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থীর একটি ব্যতিক্রমী প্রচার কৌশল ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে টানানো একটি পোস্টারে একসঙ্গে তিনজন আলোচিত রাজনৈতিক নেতার ছবি ব্যবহার করায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদপ্রার্থী ফাহিম হাসান রনি মাঝি নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের বাসিন্দা। তিনি উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনে নিজেকে নির্দলীয় ও নিরপেক্ষ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দাবি করে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
সম্প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তার নিজের ছবি সম্বলিত একটি পোস্টার এলাকায় টানানো হয়। একই পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। পোস্টারটিতে বাম পাশে শেখ মুজিবুর রহমানের ছবি, ডান পাশে জিয়াউর রহমানের ছবি এবং মাঝখানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করা হয়েছে। নিচে ফাহিম হাসান রনি মাঝি নিজেকে ‘নিরপেক্ষ ও নির্দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী’ হিসেবে উল্লেখ করেছেন।
পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে ব্যতিক্রমী প্রচারণা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এ নিয়ে সমালোচনাও করছেন।
এ বিষয়ে ফাহিম হাসান রনি মাঝি বলেন, তিনি রাজনীতির বাইরে থেকে নিরপেক্ষভাবে নির্বাচনে অংশ নিতে চান। তাই কোনো দলীয় পরিচয় সামনে আনেননি।
তিনি বলেন, শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করার সুযোগ নেই। স্বাধীনতা যুদ্ধে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, তাই তিনি তার কাছে মহান নেতা। একইভাবে জিয়াউর রহমানেরও মুক্তিযুদ্ধে অবদান রয়েছে, সেটিও তিনি অস্বীকার করেন না। সে কারণেই দুজন নেতার ছবিই পোস্টারে রাখা হয়েছে।
তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে তিনি দেশের প্রধানমন্ত্রী। তাকে অস্বীকার করার কিছু নেই। তাকে অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা হবে। তাই সম্মান জানাতে তার ছবিও পোস্টারে রাখা হয়েছে।
এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানামুখী আলোচনা চলছে। কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন—এ ধরনের প্রচারণা এলাকায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে।