দৌলতদিয়ায় বাসডুবি: মেডিকেল শিক্ষার্থী দম্পতির মৃত্যু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৭:৪৮ পিএম
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী জোহরা অন্তি এবং তার স্বামী সৌম্য মারা গেছেন। বুধবার রাতে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) পরিবার ও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিষয়টি নিশ্চিত করেছেন। জোহরা অন্তি রাজশাহী মেডিকেলের ডেন্টাল ইউনিটের বিডিএস ২৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
বাসডুবির ঘটনা ঘটেছে বুধবার বিকেল পৌনে ৫টার দিকে। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসটি দৌলতদিয়া ৩ নম্বর ঘাটের পন্টুনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর নদীতে পড়েছে। বাসটিতে ৪৫ থেকে ৫০ জন যাত্রী ছিলেন, তবে মাত্র সাতজনই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।
বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাসডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ জন শিশু ও ৮ জন পুরুষ রয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ২৩ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আরও দুটি মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাকি মরদেহগুলোর হস্তান্তরের প্রক্রিয়া চলছে।