সীমান্তে কাস্তে হাতে ভাইরাল সেই কৃষক বাবুলকে বিজিবির সংবর্ধনা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ এএম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতের বেআইনিভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা প্রতিরোধ করে ভাইরাল হওয়া কৃষক বাবুল আলীকে এবার সংবর্ধনা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৫৯ রহনপুর বিজিবি ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
চলতি বছরের জানুয়ারিতে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে বিএসএফ সীমান্ত আইন অমান্য করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা শুরু করলে স্থানীয় কৃষক বাবুল আলী কাস্তে হাতে দাঁড়িয়ে বিজিবির পাশে ছিলেন। সেই ছবি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিজিবি জানায়, ভারতের বিএসএফ বাংলাদেশের মাটিতে বেআইনিভাবে বেড়া নির্মাণ করতে গেলে স্থানীয় জনগণ ও বিজিবি মিলে প্রতিরোধ গড়ে তোলে।
সংবর্ধনা পাওয়ার পর কৃষক বাবুল আলী বলেন, “খুব ভালো লাগছে। জানুয়ারিতে যেমন সীমান্তের মানুষ ভারতীয় আগ্রাসনের প্রতিরোধ গড়ে তুলেছিল, তেমনি ভবিষ্যতেও এমন ঘটনা ঘটলে আমরা সীমান্ত রক্ষা করব। দেশের মাটিকে নিরাপদ রাখতে আমরা সকলেই বদ্ধপরিকর।” তিনি আরও বলেন, “বিজিবির পাশে কাস্তে হাতে বসার সময় দেশের মাটি দখল হতে দেব না এমন মানসিকতা নিয়েই ছিলাম। দেশ বাঁচাতে প্রাণ দেওয়াও আমরা দ্বিধা করব না।”
উপস্থিত ছিলেন বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল কামাল হোসেন, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক মো. শাহাদাৎ হোসেন মাসুদ, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ ও সেনাবাহিনী কর্মকর্তারা। অনুষ্ঠানে আলোচনা সভা, মধ্যাহ্ন ভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।