লিভারপুল ছাড়ার ঘোষণা দিলেন মোহামেদ সালাহ

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে লিভারপুলের প্রিয় স্টেডিয়াম অ্যানফিল্ডকে বিদায় জানালেন মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। অসংখ্য রেকর্ড ও ট্রফি জয়ের পর চলতি মৌসুমেই তিনি ক্লাবটি ছাড়বেন।

মঙ্গলবার রাতে এক আবেগঘন ভিডিও বার্তায় সালাহ লিভারপুল সমর্থকদের জানান, দীর্ঘ প্রতীক্ষার পর তিনি অবশেষে ক্লাব ছাড়ার সিদ্ধান্তে পৌঁছেছেন।

গত বছর দুই বছরের চুক্তি নবায়ন করলেও নতুন কোচ আর্নে স্লটের সঙ্গে তার সম্পর্কটা মেলেনি। মাঠে বারবার সাইডবেঞ্চে বসতে হয় এমন পরিস্থিতিতে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। ভিডিও বার্তায় সালাহ বলেন, “দুর্ভাগ্যজনকভাবে সেই দিনটি চলে এসেছে। এই শহর, এখানকার মানুষ আমার জীবনের অংশ হয়ে গিয়েছিল। লিভারপুল কেবল একটি ক্লাব নয়, এটি আবেগের নাম।”

২০১৭ সালে রোমা থেকে যোগ দেওয়ার পর সালাহ লিভারপুলের পুনর্জাগরণের নায়ক হিসেবে আবির্ভূত হন। ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করে ক্লাবের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। তার ট্রফি ক্যাবিনেটে রয়েছে দুটি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপসহ অন্যান্য শিরোপা। ব্যক্তিগত অর্জনেও তিনি উল্লেখযোগ্য; চারবার প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জিতেছেন।

সমর্থকদের উদ্দেশে সালাহ বলেন, “আপনারা আমার জীবনের সেরা সময় দিয়েছেন। আপনাদের কারণে আমি কখনো একা হাঁটব না।”

লিভারপুল কর্তৃপক্ষ সালাহ’র ঘোষণার পর এক বিবৃতিতে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। ক্লাব জানিয়েছে, ২০২৫-২৬ মৌসুম শেষে দুই পক্ষের সম্মতিক্রমেই এই বিচ্ছেদ ঘটবে। অ্যানফিল্ডে সালাহ’র ৯ বছরের অবিস্মরণীয় অবদান যথাযথভাবে উদযাপন করা হবে। মৌসুমের বাকি সময়টুকু তিনি নিজের সেরাটা দিয়ে শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তার পরবর্তী গন্তব্য সৌদি প্রো লিগ নাকি অন্য কোনো ক্লাব, তা এখনও স্পষ্ট নয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970