করোনার ভ্যাকসিনের কারণে মৃত্যু হয়েছে ওয়ার্নের, ছেলের বিস্ফোরক দাবি
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১১:০২ পিএম
অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে তার ছেলে জ্যাকসন ওয়ার্নের মন্তব্য। তিনি দাবি করেছেন, করোনা ভ্যাকসিন তার বাবার মৃত্যুর সঙ্গে সম্পর্কিত থাকতে পারে। বিষয়টি প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।
২০২২ সালে থাইল্যান্ডে ছুটি কাটানোর সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শেন ওয়ার্ন। তখনকার সরকারি ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছিল, স্বাভাবিক হৃদরোগেই তার মৃত্যু হয়েছে।
তবে সম্প্রতি এক পডকাস্টে জ্যাকসন ওয়ার্ন বলেন, তিনি মনে করেন তার বাবার মৃত্যুর সঙ্গে ভ্যাকসিনের সম্পর্ক থাকতে পারে। তার ভাষায়, যদি কোনো পূর্বের শারীরিক সমস্যা থেকেও থাকে, তবে ভ্যাকসিন সেটিকে আরও জটিল করে তুলতে পারে।
তিনি আরও জানান, বাবার মৃত্যুর পর তিনি প্রথমে ভ্যাকসিন ও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং রাষ্ট্রীয় স্মরণসভায়ও এই বিষয়ে কথা বলতে চেয়েছিলেন, যদিও পরে তা থেকে বিরত থাকেন।
জ্যাকসন ওয়ার্ন বাবার জীবনযাপন নিয়েও কথা বলেন। তিনি স্বীকার করেন, শেন ওয়ার্ন ধূমপান ও মদ্যপান করতেন। তবে তার মতে, অনেক মানুষ এসব অভ্যাস নিয়েও দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকেন।
ভ্যাকসিন প্রসঙ্গে তিনি বলেন, তার বাবা তিন থেকে চার ডোজ টিকা নিয়েছিলেন, যদিও ব্যক্তিগতভাবে তিনি টিকা নিতে খুব একটা আগ্রহী ছিলেন না। কাজের প্রয়োজনে তাকে টিকা নিতে হয়েছিল বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, শেন ওয়ার্ন আন্তর্জাতিক ক্রিকেটে ১৪৫টি টেস্ট ও ১৯৪টি একদিনের ম্যাচ খেলেছেন। তার মোট উইকেট সংখ্যা এক হাজার এক, যার মধ্যে টেস্টে সাতশ আটটি উইকেট রয়েছে—যা টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।