বার্সেলোনার ক্লাব কিনে নিলেন লিওনেল মেসি
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০১:১১ এএম
আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি এবার ক্লাব মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন। তিনি স্পেনের কাতালোনিয়া অঞ্চলের ক্লাব কর্নেইয়া অধিগ্রহণ করেছেন। ক্লাবটি বর্তমানে স্প্যানিশ ফুটবলের পঞ্চম বিভাগে খেলছে।
ক্লাব কর্নেইয়া নিজেই এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, আটবারের ব্যালন ডি’অর জয়ী লিও মেসি আনুষ্ঠানিকভাবে ক্লাবটির মালিকানা গ্রহণ করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, এই পদক্ষেপ কাতালোনিয়া ও বার্সেলোনার সঙ্গে মেসির দীর্ঘদিনের সম্পর্ক এবং স্থানীয় ফুটবলের উন্নয়নে তার অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।
মেসির বয়স এখন ৩৮ বছর। তিনি মাত্র ১৩ বছর বয়সে আর্জেন্টিনা থেকে স্পেনে আসেন। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার হয়ে অভিষেক হয় তার। এরপর ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করে তিনি ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হন।
২০২১ সালে তিনি বার্সেলোনা ছাড়েন এবং পরে ফরাসি ক্লাব প্যারিস সাঁ জার্মেইয়ে যোগ দেন। ২০২৩ সালে তিনি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি ক্লাবে খেলতে যান। বার্সেলোনায় থাকাকালীন তিনি চারবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ এবং দশবার স্প্যানিশ লা লিগা জিতেছেন।
ক্লাব কর্নেইয়া জানিয়েছে, মেসির আগমন তাদের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবে। লক্ষ্য থাকবে ক্লাবের ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন, প্রতিভা বিকাশ এবং শক্ত ভিত্তি গড়ে তোলা।
তারা আরও জানায়, এই প্রকল্প দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ, যেখানে উচ্চাকাঙ্ক্ষা, টেকসই উন্নয়ন এবং স্থানীয় শিকড়ের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেওয়া হবে।
উল্লেখ্য, মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও সম্প্রতি স্পেনের একটি ক্লাবের মালিকানার অংশ কিনেছেন। তিনি স্পেনের ক্লাব আলমেরিয়ার আংশিক মালিকানা গ্রহণ করেছেন। ফলে দুই কিংবদন্তি এখন স্পেনের আলাদা ক্লাবের মালিক হিসেবে নতুন পরিচয়ে যুক্ত হয়েছেন।