সৌদি আরব থেকে ফিরে বিমানবন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ধরা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১০:১৪ এএম

ছবি: সংগৃহীত

সৌদি আরব থেকে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতা।

মঙ্গলবার বিকেলে দেশে ফেরার পর বিমানবন্দরে পৌঁছালে লায়ন স্বপন নামে ওই নেতাকে আটক করা হয়। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

আটক স্বপন চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর কিছুদিন পলাতক ছিলেন স্বপন। পরে তিনি সৌদি আরবে তার দুই ভাইয়ের কাছে চলে যান। দীর্ঘদিন সেখানে অবস্থান করার পর দেশে ফেরার সঙ্গে সঙ্গেই তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করে।

পুলিশ জানিয়েছে, স্বপনের বিরুদ্ধে চাটখিল থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলাও রয়েছে।

এ বিষয়ে চাটখিল থানার উপ-পরিদর্শক শফিউল ইসলাম বলেন, বিমানবন্দর পুলিশ স্বপনকে আটকের বিষয়টি থানাকে জানিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে চাটখিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, স্বপনের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। যাচাই-বাছাই শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970