ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: ফের তেলের দাম বাড়ল ৩ শতাংশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০১:০০ এএম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপ ও শান্তিচুক্তি নিয়ে অনিশ্চয়তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে। এর জেরে একদিনের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে।
মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম দাঁড়িয়েছে ১১১ দশমিক ২২ ডলার, যা আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৯ ডলার বেশি। শতাংশের হিসাবে এ বৃদ্ধি প্রায় ২ দশমিক ৭৬ শতাংশ।
একইভাবে বেড়েছে অপরিশোধিত তেলের আরেক মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও। মঙ্গলবার প্রতি ব্যারেল এ তেল বিক্রি হয়েছে ৯৮ দশমিক ৯১ ডলারে, যা আগের দিনের তুলনায় ২ দশমিক ৫৪ ডলার বা প্রায় ২ দশমিক ৬৪ শতাংশ বেশি।
বিশ্লেষকদের মতে, তেলের দাম ১১০ ডলার অতিক্রম করা বাজারের জন্য এক ধরনের সতর্কবার্তা। জ্বালানি বাজার বিশ্লেষক হোর্হে লিওন বলেন, প্রতি ব্যারেলে ১১০ ডলারের বেশি দাম এমন একটি পরিস্থিতি নির্দেশ করে, যেখানে ভূরাজনৈতিক ঝুঁকি তেলের মূল্য নির্ধারণে বড় ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, শান্তি আলোচনা স্থবির হয়ে থাকা এবং হরমুজ প্রণালি খোলা নিয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত না থাকায় ব্যবসায়ীরা বৈশ্বিক জ্বালানি সরবরাহে দীর্ঘমেয়াদি বিঘ্নের আশঙ্কা করছেন।
লিওনের মতে, এমনকি যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তি হয়, তবুও হরমুজ প্রণালির সংকট পুরোপুরি সমাধান না হলে তেলের বাজারে অস্থিরতা থেকেই যাবে।