আইন ও বিচার বিভাগের জন্য ২১৮৭ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:১৬ পিএম
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য মোট ২ হাজার ১৮৭ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পরিচালন ও উন্নয়ন—এই দুই খাত মিলিয়ে এ বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্য উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব ঘোষণা করেন।
প্রস্তাবিত বরাদ্দের মধ্যে পরিচালন খাতের জন্য ১ হাজার ৯৯৮ কোটি ৮৬ লাখ টাকা এবং উন্নয়ন খাতের জন্য ১৮৮ কোটি ৭২ লাখ টাকা রাখা হয়েছে।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য মোট ২ হাজার ১৫৯ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ ছিল। ওই বাজেটে পরিচালন খাতে ১ হাজার ৮৯৩ কোটি ৮৯ লাখ ৮ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ২৬৫ কোটি ৮৫ লাখ ২৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল।
এদিকে, জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে বাজেটের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীরও প্রথম বাজেট। এবারের জাতীয় বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে।