নারীদের নিরাপদ যাতায়াতে আসছে ‘পিংক বাস’: অর্থমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:২৯ পিএম
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ‘পিংক বাস’ সার্ভিস চালুর পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কর্মজীবী নারী ও নারী শ্রমিকদের যাতায়াত সুবিধা এবং নিরাপত্তা জোরদারে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এ ঘোষণা দেন।
অর্থমন্ত্রী জানান, কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবী নারীদের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা ও যৌন হয়রানির ঘটনায় শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি তাদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থাও আরও সম্প্রসারণ করা হবে।
তিনি আরও বলেন, সম্পূর্ণ নারী পরিচালিত ও নারীদের ব্যবস্থাপনায় ‘পিংক বাস সার্ভিস’ চালু করা হবে। এ ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় সংসদে উপস্থিত নারী সংসদ সদস্যরা হাততালির মাধ্যমে এ উদ্যোগকে স্বাগত জানান।