বাজেট ২০২৬-২৭: যেসব পণ্যের দাম বাড়তে পারে
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:২৫ পিএম
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিভিন্ন পণ্য ও সেবার ওপর শুল্ক ও কর বাড়ানোর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় তিনি এসব প্রস্তাব তুলে ধরেন। বাজেটে ঘোষিত শুল্ক ও কর সংক্রান্ত পরিবর্তন তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ায় বেশ কয়েকটি পণ্যের দাম বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিগারেটের দাম বাড়ছে
প্রস্তাবিত বাজেটে সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য নিম্নস্তরের জন্য প্রতি ১০ শলাকায় ৬২ টাকা, মধ্যম স্তরে ৯২ টাকা, উচ্চ স্তরে ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তরে ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উল্লেখ করে নিকোটিন গ্র্যানুলস ও নিকোটিন পাউচের ওপর ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।
তেলচালিত গাড়িতে কর বৃদ্ধি
ডিজেল, অকটেন ও পেট্রলচালিত পরিবেশ দূষণকারী গাড়ির ব্যবহার নিরুৎসাহিত করতে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ সিসি ইঞ্জিনক্ষমতার আমদানি করা ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনচালিত গাড়ির করভার ১৩২ দশমিক ৩৬ শতাংশ থেকে বাড়িয়ে প্রায় ১৫৬ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এতে এসব গাড়ির দাম বাড়তে পারে।
বিদেশি কাজুবাদামে বাড়তি শুল্ক
দেশীয় উৎপাদনকে উৎসাহিত করতে অপ্রক্রিয়াজাত ও প্রক্রিয়াজাত কাজুবাদামের আমদানি শুল্ক যথাক্রমে ১ ও ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। যদিও স্থানীয় উৎপাদকদের জন্য অপ্রক্রিয়াজাত কাজুবাদামের আমদানি শুল্ক ১৫ শতাংশ রাখা হয়েছে। ফলে বিদেশি কাজুবাদামের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
বিদেশি পাঙাশের ফিলে
দেশীয় মৎস্য প্রক্রিয়াজাত শিল্পকে সুরক্ষা দিতে আমদানি করা পাঙাশ মাছের ফিলের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।
কম্পোজিট গ্যাস সিলিন্ডার
কম্পোজিট তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডার আমদানিতে মূল্য সংযোজন কর আরোপ করায় এ পণ্যের দামও বাড়তে পারে।
বিদেশি মধু ও সুপারি
বিদেশ থেকে আমদানি করা প্রাকৃতিক মধুর ন্যূনতম শুল্কায়ন মূল্য ইউনিটপ্রতি ২ ডলার বাড়িয়ে ৭ ডলার করা হয়েছে। একইভাবে সুপারি আমদানির ক্ষেত্রেও ন্যূনতম শুল্কায়ন মূল্য ইউনিটপ্রতি দশমিক ২৫ ডলার বাড়ানো হয়েছে। এতে উভয় পণ্যের আমদানি ব্যয় বৃদ্ধি পাবে।
বিদেশি খাদ্যপণ্য ও প্রসাধনী
সুগার কনফেকশনারি, কফি, প্রস্তুত খাবারসহ বিভিন্ন খাদ্যপণ্যের শুল্কায়ন মূল্য বাড়ানো হয়েছে। এছাড়া লিপ লাইনার, লিপ জেল ও এ ধরনের প্রসাধনী পণ্যের ক্ষেত্রেও শুল্কায়ন মূল্য বৃদ্ধি করা হয়েছে।
রডের দাম বাড়ার আশঙ্কা
রড উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন কাঁচামালের ওপর মূল্য সংযোজন কর বাড়ানোর প্রস্তাব থাকায় বাজারে রডের দামও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও যেসব পণ্যে প্রভাব পড়তে পারে
শুল্ক ও শুল্কায়ন মূল্য বৃদ্ধির কারণে বিদেশি টাইলস, স্যানিটারিওয়্যার, বেসিন, ফোম, মাইক্রোওয়েভ ওভেন, সাইকেল ও এর যন্ত্রাংশ, খেলনাসহ আরও কয়েকটি পণ্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।