নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘বেয়াদব কমেডিয়ান’ আখ্যা দিয়ে ক্ষোভ ঝাড়লেন খায়রুল বাসার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৭:১১ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর এক বক্তব্যকে কেন্দ্র করে কিশোরগঞ্জে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক সমাবেশে তিনি বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী অ্যাডভোকেট ফজলুর রহমানকে ‘ফজু পাগলা’ এবং কিশোরগঞ্জের ‘কলঙ্ক’ বলে উল্লেখ করেন। পাশাপাশি তার নাম মুছে ফেলার আহ্বানও জানান। তার এ মন্তব্যের পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনাটির প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন কিশোরগঞ্জের সন্তান ও জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। নিজের ফেসবুক পোস্টে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘বেয়াদব কমেডিয়ান’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেন।

খায়রুল বাসার লেখেন, অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জের অহংকার ও পরিচয়ের প্রতীক। একজন বহিরাগত এসে এমন সম্মানিত ও অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে অপমান করবেন, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি আরও লেখেন, ‘আমার জন্মস্থান কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে যদি মানুষ থাকত, তাহলে কোনো বেয়াদব কমেডিয়ান সেখানে গিয়ে দাঁত কেলিয়ে আবর্জনা ছড়িয়ে আসতে পারত না। কিশোরগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানিত একজন মানুষকে কলঙ্ক বলে তাকে মুছে ফেলার কথা বলার সাহসও পেত না।’

অভিনেতা তার পোস্টে সংশ্লিষ্টদের উদ্দেশে সংযত আচরণের আহ্বান জানিয়ে বলেন, ‘বেয়াদবরা ভাবতে পারে মানুষ কিছু বলে না, তাই যা খুশি বলে যাবে। অনেক হয়েছে, এবার সংযত হওয়া উচিত।’

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জের অহংকার, পরিচয় এবং জেলার অন্যতম কিংবদন্তি ব্যক্তিত্ব। কিশোরগঞ্জের সন্তান হিসেবে তিনি এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

খায়রুল বাসারের এ প্রতিবাদী বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে স্থানীয় বিভিন্ন মহল ও সাধারণ মানুষের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970