দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা, বৃষ্টির সম্ভাবনা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১০:৩৬ এএম
দেশের পাঁচ জেলায় সোমবার দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া বিশ্লেষণে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।
এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
এ পরিস্থিতির কারণে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।