দুপুরের আগেই ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, তিন জেলায় সতর্ক সংকেত
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ এএম
দেশের কয়েকটি অঞ্চলে আজ দুপুরের মধ্যে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে তিন জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির কারণে এসব অঞ্চলের নৌযান ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।