তীব্র গরমের মধ্যেই ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’, বন্যার শঙ্কা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০১:০১ পিএম

ছবি: সংগৃহীত

দেশজুড়ে চলমান তীব্র দাবদাহের মধ্যে স্বস্তির বার্তা নিয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’। তবে এই বৃষ্টিপাতের সঙ্গে কিছু এলাকায় বন্যা ও জলাবদ্ধতার আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া পর্যবেক্ষকরা।

বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এক পূর্বাভাসে জানিয়েছে, দেশের দিকে এগিয়ে আসছে একটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়। এর প্রভাবে দেশের ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় বজ্রসহ হালকা থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। চলতি বছরে এটি পঞ্চম বৃষ্টি বলয় হিসেবে ধরা হচ্ছে।

পূর্বাভাস অনুযায়ী, ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ধাপে ধাপে এই বৃষ্টি বলয়ের প্রভাব বিস্তার করবে। এর মধ্যে ২৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। এছাড়া ৪ ও ৬ মে আবারও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এর আগে ২৫ এপ্রিল দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, এবারের বৃষ্টি বলয়ে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে সিলেট বিভাগে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে। অন্যদিকে বরিশাল ও খুলনা বিভাগে মাঝারি এবং রাজশাহী বিভাগে তুলনামূলক কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তারা আরও সতর্ক করেছেন, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের নিচু ও বন্যাপ্রবণ এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোণা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ এলাকায় সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

এছাড়া ভারতের আসাম ও মেঘালয় অঞ্চলে ভারি বৃষ্টিপাত হলে উজান থেকে পাহাড়ি ঢল নামতে পারে। এতে উত্তরাঞ্চলের নদ-নদী ও হাওরাঞ্চলে পানির স্তর দ্রুত বাড়তে পারে। বিশেষ করে কুড়িগ্রাম ও লালমনিরহাটসহ কয়েকটি জেলায় টানা ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970