ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ৯ দিন বজ্রবৃষ্টির শঙ্কা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৫:৪৮ পিএম
দেশের দিকে ধেয়ে আসছে নতুন একটি বৃষ্টি বলয়। আবহাওয়া পর্যবেক্ষক দল জানিয়েছে, আগামী ১২ বা ১৩ মে এটি দেশের উত্তরাঞ্চল দিয়ে প্রবেশ করতে পারে।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টি বলয়ের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় দফায় দফায় বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকবে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১২ মে থেকে ২০ মে পর্যন্ত বৃষ্টি বলয়টি সক্রিয় থাকতে পারে। তবে এটি টানা বৃষ্টি নয়; বরং বিরতি দিয়ে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে প্রভাব ফেলতে পারে।
সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। তবে এসব অঞ্চলে বড় পরিসরে বা দীর্ঘ সময়ের বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক দল।
অন্যদিকে খুলনা ও বরিশাল অঞ্চলে বৃষ্টি বলয়ের প্রভাব তুলনামূলকভাবে কম থাকতে পারে। সেখানে আবহাওয়া বেশিরভাগ সময় স্বাভাবিক থাকবে। তবে বিচ্ছিন্নভাবে এক-দুদিন হালকা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।