শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১১:১৯ পিএম
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-এ পরিণত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তি–৩ এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপটি উত্তর ও উত্তর–পশ্চিমমুখে অগ্রসর হয়ে ৬.৮° উত্তর অক্ষাংশ ও ৮১.৮° পূর্ব দ্রাঘিমাংশে ঘূর্ণিঝড়ে রূপ নেয়। দুপুর ১২টার হিসাব অনুযায়ী, ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২,০৪০ কিমি, কক্সবাজার থেকে ১,৯৮০ কিমি, মোংলা থেকে ১,৯৪০ কিমি এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,৯৩৫ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা হাওয়ার সঙ্গে ৮৮ কিলোমিটার পর্যন্ত উঠছে। ঘূর্ণিঝড়কেন্দ্রের আশপাশের সাগর খুবই উত্তাল রয়েছে।
পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।