গাজা যুদ্ধে ৭০ হাজার ফিলিস্তিনি নিহত: স্বীকার করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১২:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন—এমন তথ্য স্বীকার করেছে ইসরায়েল। দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে একাধিক ইসরায়েলি সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।

এর আগে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত নিহতের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছিল ইসরায়েল। যদিও জাতিসংঘ দীর্ঘদিন ধরে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া নিহতের হিসাবকে নির্ভরযোগ্য বলে স্বীকৃতি দিয়ে আসছে। ইসরায়েলের দাবি ছিল, হামাসের নিয়ন্ত্রণে থাকায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বিশ্বাসযোগ্য নয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত নিহতদের নাম ও বয়স প্রকাশ করে আসছে। সর্বশেষ তথ্যে তারা জানিয়েছে, নিহতের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবরে শুরু হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় ৪৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, আরও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক ও যোদ্ধাদের আলাদা করে শনাক্ত করা না হলেও অধিকাংশ নিহত নারী ও শিশু বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিংয়ের বরাত দিয়ে ইসরায়েলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইটসহ শীর্ষস্থানীয় কয়েকটি গণমাধ্যম জানায়, ইসরায়েলি সামরিক বাহিনীও প্রায় একই ধরনের হিসাব মেনে নিয়েছে।

ওয়াইনেটকে এক সামরিক কর্মকর্তা বলেন, ‘আমাদের হিসাব অনুযায়ী যুদ্ধে প্রায় ৭০ হাজার গাজাবাসী নিহত হয়েছেন। এতে নিখোঁজ ব্যক্তিরা অন্তর্ভুক্ত নন। নিহতদের মধ্যে কারা সন্ত্রাসী আর কারা সরাসরি যুদ্ধে জড়িত ছিলেন না—তা নির্ধারণে আমরা কাজ করছি।’

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, এ সংক্রান্ত যেকোনো তথ্য বা প্রতিবেদন আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশ করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970