বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার উপর ভয়াবহ বজ্রপাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৬:০৬ পিএম
সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের প্রতীকী স্থাপনা এবং বিশ্বের সর্বোচ্চ বহুতল ভবন বুর্জ খলিফার ওপর ভয়াবহ বজ্রপাত হয়েছে। শুক্রবার রাতে তীব্র ঝড়-বৃষ্টির মধ্যে বিশাল আকারের বজ্রপাত আঘাত হানে ভবনটিতে।
তবে এত বড় বজ্রাঘাতের পরও ভবনটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানা গেছে। বজ্রপাতের সেই মুহূর্তের দৃশ্য ক্যামেরায় ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
শুধু দুবাই নয়, একই সময়ে আবুধাবি, শারজাহসহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে বলে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে।
২০১০ সালে নির্মিত ১৬৩ তলাবিশিষ্ট বুর্জ খলিফার উচ্চতা প্রায় ২ হাজার ৭৭২ ফুট। আশপাশে সমান বা বেশি উচ্চতার ভবন না থাকায় ঝড়ের সময় স্বাভাবিকভাবেই এর ওপর বজ্রপাতের ঝুঁকি বেশি থাকে।
তবে ভবনটি অক্ষত থাকার পেছনে রয়েছে এর অত্যাধুনিক ও শক্তিশালী অবকাঠামো। ইস্পাতে নির্মিত এই ভবনের চূড়ায় বিশেষ বজ্রনিরোধক দণ্ড স্থাপন করা রয়েছে, যার মাধ্যমে বজ্রপাতের বিদ্যুৎ সরাসরি মাটিতে নেমে যায়। ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়।
উল্লেখ্য, দুবাইভিত্তিক নির্মাণ প্রতিষ্ঠান এমার প্রোপার্টিজের মালিকানাধীন এই ভবনটির জন্য বিপুল অঙ্কের বিমা করা রয়েছে। ভবনটির ১২৪, ১২৫ ও ১৪৮ তলায় দর্শনার্থীদের জন্য পর্যবেক্ষণ ডেক রয়েছে, যা দেশি-বিদেশি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ।