ভারতে ‘তেলাপোকা জনতা পার্টি’র জয়জয়কার, ‘হারল’ মোদির বিজেপি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৯:৩৯ পিএম
ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় উঠে এসেছে ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি নামের একটি নতুন সংগঠন। ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের এক মন্তব্যকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সংগঠনটি মাত্র এক সপ্তাহের কম সময়ে ইনস্টাগ্রামে দেড় কোটির বেশি অনুসারী অর্জন করেছে। এতে অনুসারীর সংখ্যায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)কেও ছাড়িয়ে গেছে তারা। বর্তমানে বিজেপির ইনস্টাগ্রাম অনুসারী প্রায় ৯০ লাখ।
মোবাইল ফোনের ওপর তেলাপোকার প্রতীক ব্যবহার করা সিজেপি নিজেদের ‘অলস ও বেকার তরুণদের কণ্ঠস্বর’ হিসেবে পরিচয় দিচ্ছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ৩০ বছর বয়সী অভিজিৎ দিপকে জানান, প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি মন্তব্য থেকেই এই নামের ধারণা এসেছে। অভিযোগ রয়েছে, তিনি কিছু বেকার তরুণকে তেলাপোকার সঙ্গে তুলনা করেছিলেন। যদিও পরে বিচারপতি ব্যাখ্যা দিয়ে বলেন, তার মন্তব্য তরুণদের উদ্দেশ্যে নয়, বরং ভুয়া ও জাল ডিগ্রিধারীদের লক্ষ্য করে ছিল।
বর্তমানে যুক্তরাষ্ট্রের বোস্টনে বসবাসরত অভিজিৎ দিপকে বলেন, ভারতের তরুণদের নানা সমস্যা মূলধারার রাজনৈতিক আলোচনায় গুরুত্ব পাচ্ছে না। তাই এই উদ্যোগের মাধ্যমে তরুণদের কণ্ঠ তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।
সিজেপির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সদস্যদের তৈরি বিভিন্ন গ্রাফিক্স ও ভিডিও প্রকাশ করা হয়। সেখানে গণমাধ্যমের স্বাধীনতা, সংসদ ও মন্ত্রিসভায় নারীদের জন্য অর্ধেক আসন সংরক্ষণ এবং প্রশ্নপত্র ফাঁসের কারণে বাতিল হওয়া মেডিকেল ভর্তি পরীক্ষার মতো নানা বিষয় উঠে এসেছে।
এদিকে চলতি সপ্তাহে প্রকাশিত ডেলয়েট গ্লোবালের এক জরিপেও ভারতের তরুণদের হতাশার চিত্র উঠে এসেছে। জরিপে বলা হয়, কর্মসংস্থানের সংকট ও উচ্চ মূল্যস্ফীতির কারণে ১৯৯৫ থেকে ২০০৭ সালের মধ্যে জন্ম নেয়া জেন-জি প্রজন্ম ব্যাপক চাপের মধ্যে রয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভারতে ১৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর বেকারত্বের হার ছিল ৩ দশমিক ১ শতাংশ। তবে ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে এ হার বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯ শতাংশে। শহরাঞ্চলে বেকারত্বের হার ১৩ দশমিক ৬ শতাংশ এবং গ্রামাঞ্চলে ৮ দশমিক ৩ শতাংশ।
তবে অভিজিৎ দিপকে স্পষ্ট করে জানিয়েছেন, সিজেপিকে বাংলাদেশ বা নেপালের সরকারবিরোধী তরুণ আন্দোলনের সঙ্গে তুলনা করা ঠিক হবে না। তার দাবি, সংগঠনটির সব কার্যক্রম গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে পরিচালিত হবে।
তিনি আরও জানান, গুগল ফর্মের মাধ্যমে ইতোমধ্যে ৪ লাখের বেশি মানুষ সিজেপির সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন। তাদের মধ্যে ৭০ শতাংশের বেশি সদস্যের বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে। সংগঠনটির সদস্য হওয়ার জন্য চারটি শর্তও নির্ধারণ করা হয়েছে—বেকার হতে হবে, অলস হতে হবে, সবসময় অনলাইনে থাকতে হবে এবং ‘পেশাদারভাবে ক্ষোভ প্রকাশ’ করতে জানতে হবে।
সূত্র: রয়টার্স