মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১০:২৯ এএম
ইরান মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। খবর জানিয়েছে আলজাজিরা।
স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপ পুরো অঞ্চলের জন্য বিপজ্জনক। ইরানে হামলার বিষয়ে ট্রাম্পের নতুন হুমকির জবাবে তিনি এ মন্তব্য করেন।
গালিবাফ বলেন, ভুল করবেন না; যুদ্ধাপরাধের মাধ্যমে আপনি কিছুই অর্জন করতে পারবেন না। বিপজ্জনক এই খেলা বন্ধ করে ইরানি জনগণের অধিকারকে সম্মান করা একমাত্র সমাধান।
তিনি আরও বলেন, আপনার বেপরোয়া পদক্ষেপগুলো প্রতিটি মার্কিন পরিবারকে এক জীবন্ত নরকের দিকে ঠেলে দিচ্ছে। নেতানিয়াহুর নির্দেশে আপনার জেদের কারণে পুরো অঞ্চল জ্বলছে।
এদিকে, ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র আঘাত হাইফাতের একটি আবাসিক এলাকায় পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় একটি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ঘটনার পর উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।