যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফা আলোচনায় রাজি হয়নি ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পিএম
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনায় বসতে এখনো সম্মতি দেয়নি ইরান। দেশটির এই অবস্থান ইতোমধ্যে পাকিস্তানের মাধ্যমে মার্কিন কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নৌ অবরোধ এবং ওয়াশিংটনের অতিরিক্ত শর্তের কারণেই নতুন করে আলোচনায় যেতে অনাগ্রহ দেখাচ্ছে তেহরান। ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এসব অতিরিক্ত দাবি প্রত্যাহার না করা হলে তারা কোনো দীর্ঘসূত্রতা বা ফলহীন আলোচনায় সময় নষ্ট করতে চায় না।
এদিকে, বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সাময়িকভাবে খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শনিবার আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান। তেহরানের অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ মূলত সমুদ্রদস্যুতার শামিল। এই অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত প্রণালীটি বন্ধ থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি।
ইরানের প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ আবারও তাদের হাতে রয়েছে এবং এটি পূর্বের মতোই সামরিক তত্ত্বাবধানে পরিচালিত হবে।
এই পরিস্থিতিতে বৈশ্বিক তেল বাজার, সামুদ্রিক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা নতুন করে অনিশ্চয়তায় পড়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
এর আগে লেবানন পরিস্থিতিকে কেন্দ্র করে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে শুক্রবার বিকেলে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সাময়িকভাবে উন্মুক্ত ঘোষণা করেছিল ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
সূত্র: তাসনিম নিউজ