যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় এবার যোগ দিচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:৪১ এএম

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে পাকিস্তানে চলমান যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনায় এবার যুক্ত হচ্ছে চীন। শনিবার চীনা প্রতিনিধিদলের আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, দুই দেশের মধ্যে কোনো সমঝোতা হলে চীন ‘জামিনদার’ হিসেবে ভূমিকা রাখতে পারে।

তবে এখন পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত আলোচনার ছবিতে চীনের কোনো প্রতিনিধিকে দেখা যায়নি।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি শেষ মুহূর্তে চীনের আহ্বানেই ইরান সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। চীন মূলত চায়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। যদিও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ বিষয়ে সরাসরি কিছু বলেননি, তবে জানিয়েছেন—সব পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং হরমুজ প্রণালিতে দ্রুত স্বাভাবিক নৌ চলাচল শুরুর আশা করা হচ্ছে।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেমমতি। এছাড়া বিভিন্ন খাতের বিশেষজ্ঞরাও এই দলে অন্তর্ভুক্ত রয়েছেন।

তবে আলোচনার শুরুতেই শর্ত নিয়ে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে। ইরান বলছে, আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্রকে সাময়িক যুদ্ধবিরতির সব শর্ত কার্যকর করার ঘোষণা দিতে হবে। অন্যদিকে পাকিস্তান চাচ্ছে, কোনো পূর্বশর্ত ছাড়াই দুই পক্ষ আলোচনায় বসুক।

এই শান্তি প্রক্রিয়ায় সৌদি আরবকেও যুক্ত করার চেষ্টা করছে পাকিস্তান। এ লক্ষ্যে দেশটির অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান ইসলামাবাদ সফর করে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে রয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তীব্র আস্থাহীনতার মধ্যেও এই আলোচনাকে বড় কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখছে পাকিস্তান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970