চীনে ইলেকট্রিক গাড়ি কারখানা বিওয়াইডিতে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫২ এএম

ছবি: সংগৃহীত

চীনের শেনঝেন প্রদেশের পিংশান জেলায় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে অগ্নিনির্বাপক বাহিনী। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, মঙ্গলবার বিওয়াইডির একটি উৎপাদন কেন্দ্রের বহুতল ভবনের পার্কিং গ্যারেজে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।

ঘটনার পর দমকল ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে স্থানীয় প্রশাসনের সহায়তায় মা লুয়ান এলাকায় অবস্থিত ত্রিমাত্রিক পার্কিং অংশে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত গ্যারেজটি মূলত পরীক্ষামূলক ও অচল যানবাহন সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো। সেখানে কোনো উৎপাদনশীল বা গ্রাহকের জন্য প্রস্তুত গাড়ি ছিল না।

বিওয়াইডির পক্ষ থেকে জানানো হয়, ওই স্থানে পরীক্ষামূলক, যাচাইকরণ ও মেয়াদোত্তীর্ণ গাড়ি রাখা ছিল। ফলে সক্রিয় উৎপাদন কার্যক্রম বা সরবরাহের জন্য প্রস্তুত যানবাহনের কোনো ক্ষতি হয়নি।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বহুতল ভবনের বিভিন্ন অংশে আগুন জ্বলছে এবং ঘন ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। আশপাশের শিল্পাঞ্চলও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে বিওয়াইডির চলমান উৎপাদন কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970