বিক্ষোভে উত্তাল মেক্সিকো, রাষ্ট্রপতি ভবনে হামলার চেষ্টা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১১:২৬ এএম
মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের বিরুদ্ধে বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। শনিবার (১৫ নভেম্বর) হাজারো মানুষ রাস্তায় নেমে তার পদত্যাগের দাবিতে মিছিল করে। এ সময় মুখোশধারী একদল বিক্ষোভকারী রাষ্ট্রপতি ভবনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করে।
এর আগে প্রেসিডেন্টের প্রাসাদের সামনে সরকারবিরোধী সমাবেশে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। ‘অ্যাঞ্জেল অব ইন্ডিপেনডেন্স’ স্মারক থেকে কনস্টিটিউশন স্কয়ার পর্যন্ত দীর্ঘ মিছিল শেষে সবাই জাতীয় প্রাসাদের সামনে জমায়েত হন, যেখানে প্রেসিডেন্টের কার্যালয় অবস্থিত।
শুরুতে শান্তিপূর্ণ থাকলেও পরে ‘ব্ল্যাক ব্লক’ নামে পরিচিত মুখোশধারী গোষ্ঠী নিরাপত্তা বেষ্টনী ভেঙে পাথর ছোড়া শুরু করে। পুলিশের সঙ্গে হাতাহাতিও হয়। সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা পুলিশকে আঘাত করছে এবং অপরদিকে পড়ে থাকা এক বিক্ষোভকারীকে পুলিশ লাথি মারছে।
পত্রিকা লা হর্নাদা জানিয়েছে, প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে স্কয়ার খালি করে।
বিক্ষোভকারীদের অভিযোগ, দেশে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সহিংস অপরাধে দায়মুক্তি বেড়েই চলেছে। অনেকেই ক্ষমতাসীন বামপন্থী মোরেনা পার্টির বিরুদ্ধে স্লোগান দেন।
রাষ্ট্রপতি ক্লাউদিয়া শেইনবাউম সহিংসতার নিন্দা জানিয়ে বলেন, মতভেদ থাকলে তা শান্তিপূর্ণভাবে প্রকাশ করা উচিত; সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ডানপন্থী গোষ্ঠীর বট ও ভুয়া অ্যাকাউন্টের উসকানিতেই এ বিক্ষোভ আরও চরমে পৌঁছেছে।