সাবেক মন্ত্রী আমুর ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম

ছবি: সংগৃহীত

‎মানিলন্ডারিংয়ের একটি মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর নামে থাকা ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড অর্গানাইজড ক্রাইম বিভাগের উপপরিদর্শক মো. জুলফিকার আলী এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, মামলার অনুসন্ধানে প্রাথমিকভাবে দেখা গেছে—সন্দেহভাজন আমির হোসেন আমু ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি, দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং চাঁদাবাজির মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ সংঘটিত করেছেন।

প্রাথমিক অনুসন্ধানে আমির হোসেন আমুর নামে বিভিন্ন ব্যাংকে মোট ৮টি হিসাবের তথ্য পাওয়া গেছে। হিসাব খোলার তারিখ থেকে বর্তমান সময় পর্যন্ত লেনদেন পর্যালোচনায় দেখা যায়, এসব হিসাবে মোট ৭ কোটি ৫১ লাখ ৯১ হাজার ৯২৭ টাকা স্থিতি রয়েছে।

সিআইডির আবেদনে আরও বলা হয়, সন্দেহভাজন এসব হিসাবে দেশি-বিদেশি মুদ্রা পাচার ও হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেন করা হয়েছে এবং অপরাধলব্ধ অর্থের উৎস আড়াল করতে এসব লেনদেন করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত হিসাবগুলো অবরুদ্ধ রাখা জরুরি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৬ নভেম্বর রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970