শিরীন শারমিনের রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পিএম

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের ঘটনায় লালবাগ থানায় দায়ের করা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন উভয়ই নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোহসীন উদ্দীন, শিরীন শারমিনকে দুদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোকছেদুল হাসান মন্ডল রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। আদালত উভয়পক্ষের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডিবির রিমান্ড আবেদনে বলা হয়, মামলার পলাতক আসামিদের অবস্থান খুঁজে বের করা, গ্রেফতার এবং প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের জন্য দুদিনের রিমান্ড প্রয়োজন।

শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় ধানমন্ডি ৮/এ একটি বাসা থেকে আটক হন। পরে লালবাগ থানার ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

দুপুর ১টা ৫৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যে তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। এ সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এর আগে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল।

মামলায় উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি কলোনি এলাকায় নিরস্ত্র ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল করছিল। আন্দোলন দমনের উদ্দেশ্যে পুলিশ ও অজ্ঞাতনামা আওয়ামী লীগ সদস্যরা দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ করেন। এতে আন্দোলনকারী আশরাফুল ফাহিমের বাম চোখ ও শরীরের বিভিন্ন অংশে গুলি লাগে। ফাহিম ২০২৫ সালের ১৭ জুলাই লালবাগ থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় উল্লেখিত অভিযোগ অনুযায়ী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশ সদস্য এবং অজ্ঞাতনামা ব্যক্তিরা আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করেন। শিরীন শারমিন চৌধুরী এই মামলায় ৩ নম্বর আসামি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970