বার কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন অ্যাডভোকেট শিশির মনির
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পিএম
সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
মঙ্গলবার রাতে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, আগামীকাল বার কাউন্সিল নির্বাচনের জন্য সাধারণ আসনের মনোনয়নপত্র কিনবেন তিনি। একই সঙ্গে তিনি দেশের আইনজীবীদের দোয়া ও সমর্থন কামনা করেন।
সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক এই প্রতিষ্ঠানের সদস্য নির্বাচন আগামী ২০২৬ সালের ১৯ মে অনুষ্ঠিত হবে। বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই তারিখ নির্ধারণ করা হয় বলে ৪ এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)।
এছাড়া সভায় বিভিন্ন কমিটির চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন অর্থ কমিটির চেয়ারম্যান এ এস এম বখতিয়ার আনোয়ার, আইন শিক্ষা কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট আবদুল আল মামুন, ত্রাণ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম, রোল ও প্রকাশনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মাহফুজ আহসানসহ অন্যান্য সদস্যরা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপস্থিত সদস্যদের সম্মতিতে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের পর নির্বাচন না করে একটি অস্থায়ী কমিটির মাধ্যমে সংস্থাটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।