ঢাবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় শিক্ষক সুদীপ চক্রবর্তী ৩ দিনের রিমান্ডে
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৪:৫৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
রবিবার (৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক কাজী ইকবাল হোসেন আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে এবং আসামিপক্ষ জামিনের আবেদন জানায়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিমো রাজধানীর বাড্ডা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। গত রবিবার সকালে নিজ কক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি চিঠি উদ্ধার করা হয়, যেখানে ব্যক্তিগত বিষয় ও আর্থিক লেনদেনের উল্লেখ ছিল বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বাড্ডা থানায় মামলা করেন। মামলার পর পুলিশ সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।