বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর হামলা-পাল্টা হামলার ঘটনায় অঞ্চলজুড়ে চরম অস্থিতিশীলতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে নিরাপত্তা বিবেচনায় ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বার্তায় কর্তৃপক্ষ জানায়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বন্ধ থাকবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম গণমাধ্যমকে জানান, মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট আপাতত স্থগিত করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে বিস্তারিত জানানো হবে।

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনা শেষে শনিবার সকালে ইরান–এ যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাজধানী তেহরানসহ পাঁচটি শহরকে লক্ষ্য করে এ হামলা পরিচালিত হয়।

এর জবাবে ইসরায়েলসহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার দাবি, উপসাগরীয় অঞ্চলে একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা হয়েছে।

লক্ষ্যবস্তু হিসেবে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত পঞ্চম মার্কিন নৌঘাঁটির নাম উল্লেখ করা হয়েছে। এসব স্থান সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানা গেছে।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাব বৈশ্বিক যোগাযোগ ও পরিবহন ব্যবস্থায়ও পড়তে শুরু করেছে বলে বিশ্লেষকদের ধারণা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970