মালয়েশিয়া থেকে চাঁদা চান দিলীপ দাদা, না দিলেই গুলি চলে ঢাকায়

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১০:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর আন্ডারওয়ার্ল্ডে নতুন করে আলোচনায় উঠে এসেছে রহস্যময় এক নাম—দিলীপ দাদা। অভিযোগ উঠেছে, মালয়েশিয়া থেকে ফোন করে রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদা দাবি করছেন তিনি। দাবি অনুযায়ী টাকা না দিলে ঢাকায় তার সহযোগীদের দিয়ে গুলি চালানোর হুমকিও দেওয়া হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা জানান, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যা মামলার তদন্তে দিলীপ দাদা নামটি উঠে এসেছে। তবে এই ব্যক্তি আসলে কে, তার প্রকৃত নাম কী- এসব বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পায়নি পুলিশ। তার প্রকৃত পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

চলতি বছরের ৭ জানুয়ারি রাজধানীর পশ্চিম তেজতুরী পাড়ায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় মোসাব্বিরকে। ঘটনার এক সপ্তাহের মধ্যেই প্রধান শুটার বিল্লালসহ তিনজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানায়, মালয়েশিয়া থেকে প্রায় ১৫ লাখ টাকার বিনিময়ে মোসাব্বিরকে হত্যার নির্দেশ দেন দিলীপ ওরফে বিনাশ ওরফে বিমল নামে এক শীর্ষ সন্ত্রাসী। ঢাকার আন্ডারওয়ার্ল্ডে তিনি ‘দিলীপ দাদা’ নামেই পরিচিত।

তদন্তে জানা যায়, কারওয়ান বাজারকেন্দ্রিক চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে মোসাব্বিরকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল।

এদিকে অনুসন্ধানে উঠে এসেছে, রাজধানীর পান্থপথ ও কারওয়ান বাজার এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা ভাসমান দোকান ও অস্থায়ী মার্কেট ঘিরে চলছে বড় ধরনের চাঁদাবাজি। স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে মাসে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

ব্যবসায়ীরা জানান, মালয়েশিয়ার একটি নম্বর থেকে ফোন দিয়ে একজন নিজেকে কখনও দিলীপ দাদা, আবার কখনও বিমল দাদা পরিচয় দিয়ে চাঁদার টাকা দাবি করেন। তার নির্দেশনা না মানলে ঢাকায় থাকা তার সহযোগীরা হামলা চালায় বলেও অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে আরও জানা গেছে, পান্থপথের ফুটপাতের জুতার মার্কেট, ফার্নিচারের দোকান, চায়ের দোকানসহ বিভিন্ন স্থাপনা ঘিরে প্রতি মাসে প্রায় অর্ধকোটি টাকার চাঁদাবাজি চলছে। সম্প্রতি ‘দাদা গ্রুপ’ নামে একটি চক্র এই এলাকায় প্রভাব বিস্তার শুরু করেছে এবং অন্যান্য চাঁদাবাজ গ্রুপের কাছ থেকেও কমিশন দাবি করছে।

মোসাব্বির হত্যার পর আন্ডারওয়ার্ল্ডে ‘দাদা গ্রুপ’ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে পান্থপথ, কারওয়ান বাজার, ফার্মগেট, ইন্দিরা রোড, গ্রিন রোড, এলিফ্যান্ট রোড, হাতিরপুল, নিউমার্কেট, সাতমসজিদ রোড, তেজগাঁও, শ্যামলী রিং রোড, কলাবাগান ও রাসেল স্কয়ার এলাকাতেও চাঁদার ভাগ দাবি করার অভিযোগ ওঠে।

এরই মধ্যে গত ২২ ফেব্রুয়ারি পান্থপথ এলাকায় শফিকুর রহমান নামে এক স্থানীয় নেতাকে গুলি করার ঘটনাতেও দাদা গ্রুপের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তিনি অভিযোগ করেছেন, কয়েক মাস ধরে বিদেশি নম্বর থেকে ‘দিলীপ দাদা’ পরিচয়ে একজন চাঁদা দাবি করছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তার ওপর হামলা চালানো হয়েছে।

এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দিলীপ দাদা নামের ব্যক্তির প্রকৃত পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি দেশের বাইরে অবস্থান করে ঢাকায় একটি নেটওয়ার্কের মাধ্যমে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন। তাকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে গোয়েন্দা কর্মকর্তারা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970