প্রবাসীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: মাহদী আমিন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পিএম
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, প্রবাসীদের জন্য প্রবাসী সুবিধা পরিচয়পত্র চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই পরিচয়পত্রের মাধ্যমে প্রবাসীরা বিভিন্ন ধরনের সুবিধা পাবেন।
শনিবার (১৮ এপ্রিল) সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মাহদী আমিন বলেন, বিকল্প শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপের সাতটি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে। সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়ায় শ্রমিক পাঠানোর চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, দেশে ও বিদেশে কর্মসংস্থান বৃদ্ধির অংশ হিসেবে সরকার জনশক্তি রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। দক্ষ ও আধা দক্ষ শ্রমশক্তি বিদেশে পাঠানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে অভিবাসনের পরিমাণ ও গুণগত মান—দুই-ই বৃদ্ধি পায়। এ লক্ষ্য বাস্তবায়নে সারা দেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং বহুভাষা ও দক্ষতা উন্নয়নভিত্তিক শিক্ষা কার্যক্রমে জোর দেওয়া হচ্ছে।
এ পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে পরিবার সহায়তা পরিচয়পত্র দেওয়া হয়েছে। এই পরিচয়পত্রের মাধ্যমে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি ১০টি জেলায় ২২ হাজারের বেশি প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষককে কৃষক সহায়তা পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। এই পরিচয়পত্রের মাধ্যমে তারা বিভিন্ন সুবিধা ও নগদ সহায়তা পাচ্ছেন, যা তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে।
তিনি আরও জানান, বর্তমান সরকারের দুই মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে।