তারেক রহমান কি হাসিনা হতে চান, প্রশ্ন সারজিসের
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৪ পিএম
জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম প্রশ্ন করেছেন, ‘তারেক রহমান কি হাসিনা হতে চান?’
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সারজিস আলম লেখেন, ‘দ্বিতীয় দফায় বিএনপির সন্ত্রাসীরা সিলেটের পাঁচ মাইল বাজারে আবারও আমাদের ওপর হামলা করেছে। তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’
এর আগে একই দিন দুপুর পৌনে ৩টার দিকে দেওয়া আরেকটি পোস্টে তিনি দাবি করেন, সিলেটের গোলাপগঞ্জে তাদের বহরে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করা হয়েছে। ওই পোস্টে তিনি লেখেন, ‘গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’
এ বিষয়ে সিলেট জেলা পুলিশ জানিয়েছে, গোলাপগঞ্জে একটি কর্মসূচি শেষ করে কানাইঘাটের উদ্দেশ্যে যাওয়ার সময় সারজিস আলমের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। এতে গাড়ির কাচ ভেঙে গেলেও কেউ হতাহত হননি।
এর আগে গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছিল এনসিপি। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির নেতারা।