নেতারা চাঁদাবাজিতে জড়িয়ে পড়ার অভিযোগ করে বিএনপি ছাড়লেন দুই নেতা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫০ পিএম

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সফলতাকে অস্বীকার এবং গণভোটে ‘হ্যাঁ’-কে গুরুত্ব না দেওয়ার অভিযোগ তুলে বিএনপি থেকে পদত্যাগ করেছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপি ও শ্রমিক দলের দুই নেতা। একই সঙ্গে তারা দলের একাধিক নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলেছেন।

সোমবার বিকেলে শহরের কাজির পয়েন্টে লতিফা কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি ফেরদৌস আলম। তারা যৌথভাবে স্বাক্ষরিত দুই পাতার লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে ফেরদৌস আলম বলেন, জুলাই আন্দোলনের সফলতাকে ঘুরিয়ে পেঁচিয়ে অস্বীকার করছে বিএনপি। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আয়োজিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব বিএনপির প্রচারণায় উপেক্ষিত হচ্ছে।

তারা অভিযোগ করেন, সুনামগঞ্জ-১ আসনে শেষ মুহূর্তে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই দলের এক নিবেদিত নেতাকে বাদ দিয়ে অন্য একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে ত্যাগী ও নিবেদিত কর্মীদের আবেগ ও আত্মত্যাগের কোনো মূল্যায়ন করা হয়নি।

এছাড়া জুলাই অভ্যুত্থানের পর তাহিরপুর উপজেলায় বিএনপির একাধিক পদধারী নেতা চাঁদাবাজিসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ করেন তারা। এসব অভিযোগ থাকার পরও দলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি; বরং চিহ্নিত অপরাধীদের পুনরায় দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে দাবি করেন তারা।

নেতারা আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর যাদুকাটা নদীর পাড় কেটে গ্রামের পর গ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে ফেলা হচ্ছে। এ কাজে আওয়ামী লীগের পদধারী নেতাদের সঙ্গে বিএনপির কিছু নেতার যোগসাজশ রয়েছে। পাশাপাশি রক্তি, পাটলাই, বৌলাই ও যাদুকাটা নদীতে চলাচলকারী নৌযান আটকে চাঁদাবাজি এবং সীমান্তের চারাগাঁও, বাগলী ও বড়ছড়া শুল্কস্টেশন দখল করে চাঁদা আদায়ের অভিযোগও তোলা হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970