রাজশাহীতে স্বামীকে মারধরের পর বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫০ এএম

প্রতীকী ছবি

রাজশাহীর চারঘাট উপজেলায় এক ভয়াবহ ঘটনায় স্বামীকে মারধর ও বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে উপজেলার সরদহ রেলস্টেশন এলাকায়।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ওই দম্পতি জীবিকার জন্য ট্রেন ও স্টেশনে পপকর্ন বিক্রি করেন। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে তারা বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন স্টেশনে পপকর্ন বিক্রি করেন। পরে রাতের দিকে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রেন থেকে সরদহ স্টেশনে নামেন তারা।

স্টেশন সংলগ্ন একটি চায়ের দোকানে বসে খাবার খাওয়ার সময় হঠাৎ এক ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, হামলাকারী প্রথমে স্বামীকে মারধর করে গুরুতর আহত করে। এরপর তাকে একটি পরিত্যক্ত দোকানের পাশে বেঁধে রেখে তাদের সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়। পরে তার স্ত্রীকে স্টেশনসংলগ্ন জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

ভুক্তভোগী স্বামী জানান, তিনি সাহায্যের জন্য চিৎকার করলেও আশপাশের কেউ এগিয়ে আসেনি। কিছুক্ষণ পর স্থানীয়রা তার চিৎকার শুনে তাকে উদ্ধার করেন। পরে তিনি পাশের জঙ্গল থেকে তার স্ত্রীকে উদ্ধার করেন। স্থানীয়দের কাছ থেকে তিনি অভিযুক্ত ব্যক্তির নাম আশরাফুল ইসলাম (৩৫) বলে জানতে পারেন।

সরদহ স্টেশনের স্টেশনমাস্টার ইকবাল কবির বলেন, ঘটনাটি গভীর রাতে ঘটায় শুরুতে বিষয়টি জানা যায়নি। পরে খবর পেয়ে পুলিশকে জানানো হয়।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক জানান, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970