ধানের শীষের প্রার্থীকে ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজ’ বললেন বিএনপির ৫ নেতা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ–১ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন মনোনয়ন বঞ্চিত পাঁচ নেতা। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কিশোরগঞ্জ–১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ হিলালি। তিনি অভিযোগ করেন, মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম আওয়ামী লীগের ‘দোসর’, দুর্নীতির সঙ্গে জড়িত এবং চাঁদাবাজির অভিযোগও রয়েছে। দলের স্বার্থে তার মনোনয়ন বাতিল করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও ২০১৮ সালে বিকল্প মনোনয়নপ্রাপ্ত খালেদ সাইফুল্লাহ সোহেল, সাবেক স্পেশাল জজ ও জেলা বিএনপির সাবেক সহ–সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, জেলা বিএনপির সাবেক সহ–সভাপতি রুহুল হোসাইন এবং অ্যাডভোকেট শরিফুল ইসলাম।

খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, “যদি মাজহারুল ইসলামকে প্রার্থী থেকে বাদ না দেওয়া হয়, তাহলে এলাকার জনগণ নিজেরাই যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবে।” তিনি আরও দাবি করেন, মাজহারুল অতীতে স্বৈরশাসনের সহযোগী ছিলেন এবং বর্তমান সরকারের সঙ্গে ‘আঁতাত’ করায় তার বিরুদ্ধে ১৭ বছরে কোনো মামলা হয়নি, যেখানে দলীয় অনেক নেতা নির্যাতনের শিকার হয়েছেন।

রেজাউল করিম খান চুন্নু বলেন, মাজহারুল ইসলাম দুর্বল নৈতিকতার মানুষ এবং কিশোরগঞ্জে তিনি ‘দুর্নীতিগ্রস্ত ও চাঁদাবাজ’ হিসেবে পরিচিত।

প্রভাবশালী এই পাঁচ নেতা বলেন, মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিল করে মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে অন্য যেকোনো একজনকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করতে হবে। অন্যথায় তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এর আগে, রবিবার রাতেও একই দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর কিশোরগঞ্জ–১ আসনে মো. মাজহারুল ইসলামকে প্রাথমিক মনোনয়ন দেয় বিএনপির কেন্দ্রীয় কমিটি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970