পরিবেশ সুরক্ষায় নয় মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:০০ পিএম
পরিবেশ সুরক্ষার জন্য কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে রবিবার (১ ফেব্রুয়ারি) থেকে টানা নয় মাসের জন্য পর্যটক ভ্রমণ বন্ধ থাকবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (৩১ জানুয়ারি) চলতি পর্যটন মৌসুম শেষ হচ্ছে।
সাধারণত প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত পর্যটকদের দ্বীপে যাতায়াতের অনুমতি থাকে। তবে এ বছর পরিবেশগত ঝুঁকি বিবেচনায় সময়সীমা কমিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন জানান, আজ শেষবারের মতো পর্যটকবাহী জাহাজ দ্বীপে যাবে। রবিবার থেকে কোনো পর্যটকবাহী জাহাজ চলবে না। সরকার পরবর্তী সময়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পর্যটক ভ্রমণ বন্ধ হওয়ার সিদ্ধান্তে দ্বীপের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সেন্টমার্টিন হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ আবদুর রহমান বলেন, “অনেকে সময়মতো বিনিয়োগের টাকা তুলতে পারেননি। অধিকাংশই লোকসান ভোগছেন। পর্যটক বন্ধ থাকায় আগামী কয়েক মাস আরও কষ্ট হবে।”
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, “দ্বীপের বেশিরভাগ মানুষই পর্যটননির্ভর। হঠাৎ দীর্ঘ সময় পর্যটন বন্ধ থাকায় সবাই হতাশ। সময় কিছুটা বাড়ানো হলে স্থানীয়দের জন্য টিকে থাকা সহজ হতো।”
লোকাল রিকশাচালক করিম জানান, পর্যটক না থাকায় আবার মাছ ধরার কাজে ফিরতে হবে। তার সঙ্গে রিকশা কেনার ঋণও মেটানো যাচ্ছে না, যা নিয়ে দুশ্চিন্তায় আছেন।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, দ্বীপে রাতের বেলায় সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দ, বারবিকিউ পার্টি, কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও বিক্রি নিষিদ্ধ থাকবে। এছাড়া সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক-ঝিনুকসহ কোনো জীববৈচিত্র্য ক্ষতি করা যাবে না। সৈকতে মোটরসাইকেল ও অন্যান্য মোটরচালিত যান চলাচল নিষিদ্ধ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন করা যাবে না। পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।