বিচারপ্রার্থী নারীকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০১ পিএম
রাজধানীর বিজয়নগরে নিজের আইনি চেম্বারে এক বিচারপ্রার্থী নারীকে ধর্ষণের অভিযোগে লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আইনজীবী অ্যাডভোকেট সামছুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী নারী (৪৫) অভিযোগ করেন, মামলার হাজিরার তারিখ জানাতে টালবাহানা করে তাকে চেম্বারে ডেকে নেওয়া হয়। পরে সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার পরদিন শুক্রবার (৩০ জানুয়ারি) অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পল্টন মডেল থানায় দায়ের করা মামলার এজাহারে বলা হয়, বিজয়নগরের মাহতাব সেন্টারের একটি চেম্বারে রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। চেম্বারে গিয়ে মামলার তারিখ জানতে চাইলে অভিযুক্ত প্রথমে আপত্তিকর আচরণ করেন এবং পরে বের হতে চাইলে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
ভুক্তভোগী নারী জানান, অভিযুক্ত তার পূর্বপরিচিত এবং একই এলাকায় বসবাস করায় তাকে ‘কাকা’ বলে ডাকতেন। ব্যবসা সংক্রান্ত একটি মামলায় তার মাধ্যমে জামিন নেন তিনি। তবে পরে মামলার তারিখ জানার জন্য একাধিকবার যোগাযোগ করলেও অভিযুক্ত বিষয়টি এড়িয়ে যান।
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) রয়েল হোসেন আদালতে জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে বিধি অনুযায়ী আদালতে হাজির করা হয়েছে। আদালত জামিন শুনানি ছাড়াই তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের আদেশে ভুক্তভোগী নারীকে আলামতসহ ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে অভিযুক্তের দলীয় সহকর্মী লাখাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যে একটি চক্র অ্যাডভোকেট সামছুল ইসলামকে ফাঁসানোর চেষ্টা করছে।