স্বর্ণের দামে রেকর্ড, ভরিতে বেড়েছে ৪ হাজার ৬১৮ টাকা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১১:১২ এএম
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৬১৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা- যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার থেকেই নতুন এই দাম কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী-
-
২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ: ২ লাখ ৪ হাজার ৩ টাকা
-
১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ: ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা
-
সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ: ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা
বাজুস জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে গত ৮ অক্টোবর স্বর্ণের দাম ভরিতে ৬ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৯ হাজার ১০১ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ ছিল।
চলতি বছর এটি স্বর্ণের দামের ৬৪তম সমন্বয়, যার মধ্যে ৪৬ বার দাম বেড়েছে এবং ১৮ বার কমেছে।
এবার রুপার দামও বেড়েছে- ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ২২৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২০৫ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
অন্যান্য রুপার দাম-
-
২১ ক্যারেট: ৫ হাজার ৯১৪ টাকা
-
১৮ ক্যারেট: ৫ হাজার ৭৪ টাকা
-
সনাতন পদ্ধতি: ৩ হাজার ৮০২ টাকা