মার্কিন অভিযানে মাদুরো আটক নিয়ে গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম
মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং বৈশ্বিক শান্তির জন্য অশুভ ইঙ্গিত বলে মন্তব্য করেছেন।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানান, মহাসচিব সার্বিক পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছেন। তিনি বলেন, মার্কিন সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের পরিপন্থী। জাতিসংঘ সনদের প্রতি পূর্ণ শ্রদ্ধা বজায় রাখার ওপর জোর দিয়েছেন মহাসচিব।
মার্কিন বাহিনীর অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রাশিয়া ও চীনের সমর্থনে ভেনিজুয়েলা ও কলম্বিয়া জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বান করেছে।
জাতিসংঘে নিযুক্ত ভেনিজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাডা নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে এ ঘটনাকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে আখ্যা দেন। তিনি সতর্ক করে বলেন, শান্তিপূর্ণ একটি দেশের ওপর এ ধরনের হামলা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি-নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন করেছে।
অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সামরিক অভিযানের পক্ষে অবস্থান নেন। তার দাবি, এটি কোনো শাসন পরিবর্তনের অভিযান নয়; বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে পরিচালিত একটি পদক্ষেপ। তিনি মাদুরোকে স্বৈরাচারী শাসক আখ্যা দিয়ে মাদক-সন্ত্রাসের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগও করেন।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলা উপকূলে মাদক পাচারবিরোধী কঠোর অবস্থান নেয়। এর অংশ হিসেবে গত মাসে ভেনিজুয়েলার অপরিশোধিত তেলবাহী দুটি ট্যাংকার আটক করে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্র তখন এই পদক্ষেপকে জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অংশ বলে ব্যাখ্যা করেছিল।