ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০১:৫৮ পিএম
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছোট ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। একই হামলায় দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের বাড়িতেও আগুন লাগার খবর পাওয়া গেছে।
সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানভিত্তিক একটি সংবাদমাধ্যম। প্রতিবেদনে জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিটারের বক্তব্য তুলে ধরা হয়।
রাশিয়ার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে স্কট রিটার দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সিজারিয়া এলাকায় অবস্থিত নেতানিয়াহু পরিবারের বাসভবন লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ওই হামলায় বেনিয়ামিন নেতানিয়াহুর ছোট ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হন বলে তিনি উল্লেখ করেন।
জানা গেছে, তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন ইদ্দো নেতানিয়াহু। তিনি পেশায় একজন নাট্যকার ছিলেন।
স্কট রিটার আরও বলেন, ইসরায়েলের বহুস্তর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেই ইরান এই হামলা চালাতে সক্ষম হয়েছে। তার দাবি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনার প্রতিশোধের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।