ক্ষেপণাস্ত্রের ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ, আমিরাতে এক বাংলাদেশিসহ গ্রেফতার ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১০:৪৩ এএম
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার ভুয়া ভিডিও ছড়ানোর অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আমিরাত নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটির অ্যাটর্নি জেনারেল হামাদ আল সামছি গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ছড়িয়ে দেয়, যা দেশের জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করতে পারে।
তদন্তে দেখা গেছে, ছড়ানো ভিডিওগুলোতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করার দৃশ্য, মাটিতে পড়ে থাকা ক্ষেপণাস্ত্র এবং জনসমাগমের ছবি দেখানো হয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বিস্ফোরণ ও হামলার ভুয়া দৃশ্যও তৈরি করা হয়। কিছু ভিডিওতে শিশুদের আবেগকে ব্যবহার করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
এছাড়া কয়েকটি ভিডিওতে বিদেশে ঘটে যাওয়া সামরিক স্থাপনা ধ্বংসের ঘটনা সংযুক্ত আরব আমিরাতে ঘটেছে বলে মিথ্যা দাবি করা হয়েছে।
দেশটির পাবলিক প্রসিকিউশন ইতোমধ্যে গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং তাদের কারাগারে রাখার নির্দেশ দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ডিজিটাল মাধ্যম বা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো কিংবা দেশের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত করার কোনো প্রচেষ্টা সহ্য করা হবে না।
কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মিশর, ফিলিপাইন, ভিয়েতনাম, পাকিস্তান, ইরান, বাংলাদেশ, ক্যামেরুন, নেপাল ও ভারতের নাগরিক রয়েছেন। এদের মধ্যে দুজন ভারতের নাগরিক।