ট্রাম্প পুতিনের ‘পোষা কুকুর’: ক্যালিফোর্নিয়ার গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া থেকে তেল আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহারের সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম। তিনি ট্রাম্পকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘পোষা কুকুর’ বলে কটাক্ষ করেছেন।

সম্প্রতি ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে ধারাবাহিকভাবে সমালোচনা করে আলোচনায় রয়েছেন নিউসাম। বুধবার ট্রাম্পের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা নিয়ে বিতর্কের সময় তিনি মার্কিন প্রেসিডেন্টকে ‘বুদ্ধিহীন গাধা’ বলেও অভিহিত করেন এবং অভিযোগ করেন, এমন একজন নেতা শিশুদের ওপরও বোমা হামলা চালাতে পারেন।

ধারণা করা হচ্ছে, তিনি গত ২৮ ফেব্রুয়ারি ইরানের একটি বালিকা বিদ্যালয়ে চালানো বোমা হামলার ঘটনাকে ইঙ্গিত করেছেন। ওই হামলায় অন্তত ১৭৫ জন নিহত হয়, যাদের বেশিরভাগই শিশু ছিল।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, পেন্টাগনের প্রাথমিক তদন্তে স্বীকার করা হয়েছে যে ভুলবশত চালানো ওই বোমা হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি এই তথ্য প্রকাশ করেছে।

এদিকে গত দুই সপ্তাহ ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়ে প্রতি ব্যারেল প্রায় ১০০ ডলারে পৌঁছেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানিয়েছে, বর্তমানে সমুদ্রে আটকে থাকা রুশ তেল বিভিন্ন দেশকে কেনার অনুমতি দেওয়া হবে।

এই ঘোষণার প্রতিক্রিয়ায় গেভিন নিউসামের প্রেস অফিস সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ছবি প্রকাশ করে। ছবিতে দেখা যায়, ভ্লাদিমির পুতিন ট্রাম্পের গলায় কুকুরের মতো শিকল বেঁধে হাঁটাচ্ছেন।

বৃহস্পতিবার রাতে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। তিনি বলেন, ইরানি সরকারের সৃষ্ট নিরাপত্তা হুমকি মোকাবিলা করা এবং তেলের দাম নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার দাবি, এই স্বল্পমেয়াদি পদক্ষেপ রুশ সরকারের জন্য উল্লেখযোগ্য আর্থিক সুবিধা তৈরি করবে না।

ইরান যুদ্ধের কারণে গত সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেল প্রায় ১২০ ডলারে উঠেছিল, যা বৃহস্পতিবার কমে প্রায় ১০০ ডলারে নেমে আসে। বাজারে এই অস্থিরতার অন্যতম কারণ মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের মোট উত্তোলিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়। বর্তমানে ইরান কার্যত এই পথ বন্ধ করে দিয়েছে এবং এখান দিয়ে চলাচলকারী জাহাজে হামলার হুমকিও দিয়েছে।

এদিকে ট্রাম্প প্রশাসন ভারতকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত রাশিয়া থেকে তেল কেনার অনুমতি দিয়েছে। পাশাপাশি জ্বালানি তেলের দাম কমাতে যুক্তরাষ্ট্র নিজেদের মজুত থেকেও তেল বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে।

মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট ঘোষণা দিয়েছেন, কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে আগামী সপ্তাহে প্রায় ১৭২ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970